দেশ

একুশের প্রথম প্রহরে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা

যোদ্ধা ডেস্কঃ একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। তিনি সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে, মন্ত্রিপরিষদ সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে, চেয়ারম্যান হিসেবে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে এবং সবশেষে স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে জিয়া পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর কেবলামুখী হয়ে মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতীব ও ইমাম।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এরপর জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার দল ও জোটের সংসদ সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। তার সঙ্গে ছিলেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এমপি প্রমুখ।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান ও চার্জ দ্য অ্যাফেয়ার্সগণ। এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এমন আরো সংবাদ

Back to top button