বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের থাকা-খাওয়া সুবিধা দেবে সরকার
যোদ্ধা ডেস্কঃ মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাতযাপন ও খাওয়ার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় সম্মানিত যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাতযাপন সুবিধা প্রদান করা হবে। আটকে পড়া যাত্রীদের দ্রুত বিমানবন্দরে অবস্থিত ‘প্রবাসীকল্যাণ ডেস্ক’ অথবা ‘লাউঞ্জ’-এ যোগাযোগ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি ইরান-মার্কিন মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘটনায় ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ছাড়া যাত্রীদের এয়ারপোর্টে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষ বলছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।




