দেশ

চীনে পৌঁছেছেন মির্জা ফখরুল, অংশ নেবেন দ্বিপাক্ষিক বৈঠকে

যোদ্ধা ডেস্কঃ  চীনা সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনা সরকারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী।

ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিদায় জানান। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

চীন সফরকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির উচ্চপদস্থ সরকারি প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। আলোচনায় স্থানীয় সরকারের আধুনিকায়ন, গ্রামীণ উন্নয়ন এবং সমবায় খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, এই সফর দুই দেশের কূটনৈতিক ও উন্নয়ন সহযোগিতাকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

এমন আরো সংবাদ

Back to top button