সৎ, পেশাদার ও নেতৃত্বগুণসম্পন্ন কর্মকর্তারাই কেবল উচ্চতর পদে উন্নীত হওয়ার যোগ্য: প্রধান উপদেষ্টা
যোদ্ধা ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য আয়োজিত সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
রোববার (১৯ জুলাই) সকালে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পর্ষদের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “সৎ, পেশাদার ও নেতৃত্বগুণসম্পন্ন কর্মকর্তারাই কেবল উচ্চতর পদে উন্নীত হওয়ার যোগ্য। পদোন্নতির ক্ষেত্রে আনুগত্য, শৃঙ্খলা, সততা এবং নিযুক্তিগত উপযুক্ততার উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”
তিনি নির্বাচন পর্ষদের সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মুক্তিযুদ্ধের শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের। পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ ও আহত সেনা সদস্যদের পাশাপাশি স্মরণ করেন ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতাকেও।
তিনি বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বেসামরিক প্রশাসনের সহযোগিতায় যে নিষ্ঠা ও দায়িত্ববোধ সেনাসদস্যরা দেখিয়েছেন, তা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।”
তিনি সেনাপ্রধানসহ সকল সেনা সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী এবং চীফ অব জেনারেল স্টাফসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং সেনাসদরের পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।




