দেশ

পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর

যোদ্ধা ডেস্কঃ মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি অভিযোগ করেছেন, জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে আবেদন করার সময় তিনি সরকারের প্রত্যাশিত সমর্থন পাননি। এ ঘটনায় তিনি সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করার পর তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তাকে ‘অগ্রসর না হতে’ নির্দেশ দেন। বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সমর্থনপত্র বা ‘নোট ভারবাল’ না পাওয়ায় শেষ পর্যন্ত তার আবেদন প্রক্রিয়া এগোয়নি।

মুশফিক ফজল আনসারি বলেন, লাটভিয়ার ব্র্যান্ডস কেহরিসের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হলে জাতিসংঘের এক বিদেশি সহকর্মী তাকে আবেদন করতে উৎসাহ দেন। বিষয়টি তিনি সরকারপ্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করলে তাঁর পরামর্শে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন।

রাষ্ট্রদূতের দাবি, তৌহিদ হোসেন প্রথমে মৌখিকভাবে আবেদন করার সম্মতি দিলেও আবেদন জমা দেওয়ার পর তাকে বার্তা পাঠিয়ে অগ্রসর না হতে বলেন। তিনি জানালে যে আবেদন ইতোমধ্যে জমা হয়েছে, এরপর থেকে পররাষ্ট্র উপদেষ্টা তার ফোন ধরা বন্ধ করে দেন বলেও অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে দীর্ঘদিন কাজ করার পরও ন্যূনতম সমর্থন না পাওয়ায় তিনি হতাশ। এ ধরনের পদে সদস্যরাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা ছিল, তবে তিনি নিজ দেশের সমর্থন নিয়েই প্রক্রিয়ায় এগোতে চেয়েছিলেন।

তিনি আরও দাবি করেন, বিষয়টি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করলে তিনি বিস্ময় প্রকাশ করেন। তবে তাকে বিব্রত করতে না চাওয়ায় সরাসরি হস্তক্ষেপ চাননি।

রাষ্ট্রদূত জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে জানতে চাইলে তাকে বলা হয়েছিল—তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম থাকায় সমর্থন দেওয়া হয়নি। যদিও তিনি উল্লেখ করেন, এ পদে কোনো ভোটাভুটি হয় না; সদস্যরাষ্ট্র মনোনয়ন দিলে জাতিসংঘ সংক্ষিপ্ত তালিকা করে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেয়।

এছাড়া দায়িত্ব পালনকালে বিদেশে পোস্টিং ও জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে তার পথে বাধা সৃষ্টি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে দায়িত্ববোধের কারণে এখনই সব তথ্য প্রকাশ করছেন না জানিয়ে ভবিষ্যতে এ বিষয়ে একটি বই লেখার ইঙ্গিত দেন।

এমন আরো সংবাদ

Back to top button